শেরপুরে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মোশাররফ হোসেন শাওন (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ জামালপুর ক্যাম্প সিপিসি-১।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের চাপাতলী বড় মসজিদ মোড় এলাকা থেকে জামালপুরের র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মোশাররফ শহরের চাপাতলী এলাকার আতাউর রহমানের ছেলে। ওই ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব-১৪ এর অধিনায়ক তোফায়েল আহমেদ মিয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সাইবার অপরাধকারীদের একটি চক্র আসন্ন এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র তৈরি করে তা ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে শিক্ষার্থীদের নিকট থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল রবিবার সন্ধ্যায় শহরের চাপাতলী এলাকায় অভিযান চালিয়ে চাপাতলী বড় মসজিদ মোড় এলাকা থেকে শাওনকে গ্রেপ্তার ও তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে। পরে রাতে তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভূয়া প্রশ্নপত্র তৈরি ও টাকার বিনিময়ে তা শিক্ষার্থীদের নিকট প্রদানের অভিযোগ স্বীকার করেছে।
বার্তা বাজার / ডব্লিও.এস