হজের বিমান ভাড়া না কমালে কঠোর আন্দোলনের হুশিয়ারি

দ্রুত বিমান ভাড়া না কমালে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ। হজ যাত্রায় অতিরিক্ত বিমান ভাড়া কমানোর দাবি জানিয়ে রোববার মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে এ হুশিয়ারি দেয় সংগঠনটি।

এ সময় পরিষদের সভাপতি ড. আবদুল্লাহ আল নাসের বলেন, ওমরাহ পালন করতে বিমান ভাড়া লাগে ৪৫ হাজার থেকে ৪৮ হাজার টাকা। গত বছর হজযাত্রীদের বিমান ভাড়া ছিল ১ লাখ ৩০ হাজার টাকা। কিন্তু এ বছর ১ লাখ ৪০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি, অযৌক্তিক হজযাত্রীদের ওপর জুলুম।

হজযাত্রীদের বিমান ভাড়া ১ লাখ টাকা করার দাবি জানিয়ে তিনি বলেন, কোনো প্রকার হয়রানি ছাড়া সব হজযাত্রীর সংখ্যা অনুযায়ী টিকিটের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অচিরেই বর্ধিত বিমান ভাড়া প্রত্যাহার করে যৌক্তিক বিমান ভাড়া নির্ধারণের দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন এজেন্সি মালিকদের সংগঠন হাবের সাবেক সভাপতি আবদুস সোবহান ভূঁইয়া হাসান, বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সহ-সভাপতি মাওলানা বশির আহমেদ, সাধারণ সম্পাদক আবদুল বাতেন, সাংগঠনিক সম্পাদক তাজাম্মুল হুসাইন, হাবের সাবেক নেতা রুহুল আমিন মিন্টু, রফিকুল ইসলাম প্রমুখ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর