কলা অনুষদের সামনে থেকে প্রশাসনিক ভবন। রাস্তার দুই ধারে শোভা পাচ্ছে ত্রিশটির অধিক প্ল্যাকার্ড, যার প্রত্যকটিতে রয়েছে একঝাক তরুণ কবিদের লেখা একটি করে কবিতা। এ পথে চলাচলকারী সবার নজর কারছে মুক্ত প্রদর্শনীর এ কবিতা গুলো।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে ব্যাতিক্রমী এ আয়োজন৷ যার নাম দেয়া হয়েছে ‘কবিতার মিছিল’। গত ৩১ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে সপ্তাহব্যাপি।

সাম্য, অসাম্প্রদায়িকতা আর সুন্দর আগামীর জয়গান নিয়ে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত রাস্তার দুই পাশে প্লেকার্ডের মাধ্যমে টানানো হয়েছে শিক্ষার্থীদের লেখা কবিতা। এ পথে চলাচলকারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারি কিংবা সাধারণ মানুষ, সবার নজর কাড়ছে কবিতা গুলো। অনেকে দাঁড়িয়ে যাচ্ছেন প্লেকার্ডের সামনে আর মুগ্ধ হয়ে পড়ছেন কবিতাগুলো। বর্তমান সময়ের নানা অপরাধ মূলক কর্মকান্ডের প্রতিবাদে তাদের লেখা কবিতায় ফুটে ওঠেছে বিদ্রোহ, সেই সাথে রয়েছে আলোর পথে ফেরার আহ্বান, মুক্তিযুদ্ধের চেতনাসহ শিক্ষার্থীরা তাদের লেথায় নানাদিক তুলে ধরেছেন। একসাথে এতগুলো কবিতা নিয়ে মুক্ত প্রদর্শনীর মতো ভিন্ন আয়োজনে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

কবিতার মিছিলে অংশগ্রহনকারী জুবায়ের মোকারম, সাজ্জাদ, জুঁই, খাইরুন্নাহারসহ কয়েকজন শিক্ষার্থী বার্তা বাজার ডটকমকে জানান, আমরা সাম্প্রদায়িকতা ও সকল ধরণের বৈষম্য দুর করতে চাই। এটি আমাদের এক ধরণের মৌন প্রতিবাদ, আর এই মৌন প্রতিবাদকেই আমরা নাম দিয়েছি ‘কবিতার মিছিল’। সমাজ পরিবর্তেনের আহ্বান, সাম্য আর সুন্দর আগামীর জয়গান নিয়েই আমাদের ভিন্ন এ আয়োজন।

থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের প্রভাষক হীরক মুশফিকের তত্ত্বাবধানে একঝাক তরুণ কবিদের লেখা কবিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলছে কবিতার মিছিল। এ আয়োজনের মধ্য দিয়ে প্রতিটি শিক্ষার্থীর প্রতিভা অন্য সকলের সামনে প্রকাশিত হবে বলে জানান তিনি।
বার্তা বাজার/এস.আর