নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে, এর মাসুল সবাইকে দিতে হবে

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার (০১ ফেব্রুয়ারি)। নির্বাচনের পরে বিভিন্ন মহলে চলছে বিশ্লেষণ। নানা গণমাধ্যমও বিশিষ্টজনকে প্রতিক্রিয়া প্রকাশ করছে।

নির্বাচন নিয়ে নিয়ের বিশ্লেষণ তুলে ধরেছেন নাগরিক সংগঠন ‘সুশাসনের জন্য নাগরিক-সুজন’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউল আলম মজুমদার। রোববার (০২ ফেব্রুয়ারি) একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বদিউল আলম বলেন, নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। এর মাসুল আমাদের সবাইকে দিতে হবে।

বদিউল আলম মজুমদার বলেন, ‘এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অনেক অস্বস্তি, উদ্বেগ এবং উৎকণ্ঠা ছিল। বিশেষ করে, ইভিএম সম্পর্কে মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি দেখা গেছে। এর অনেক দুর্বলতা ছিল। এখানে ওভাররাইট করা সম্ভব। এ বিষয়ে নির্বাচন কমিশন যাই বলবে তাই বিশ্বাস করতে হবে।’

তিনি বলেন, ‘এই যন্ত্র যারা পরিচালনা করেছেন তাদের বিশ্বাসযোগ্যতা ভীষণভাবে প্রশ্নের সম্মুখীন। আগের সিটি নির্বাচন ছিলো নিয়ন্ত্রিত নির্বাচন। জাতীয় নির্বাচন ছিলো চরম জালিয়াতির নির্বাচন। এই জালিয়াতির ব্যাপারে নির্বাচন কমিশনের ভূমিকা ছিলো এমন অভিযোগ রয়েছে।’

নির্বাচন নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার বিষয়ে তিনি বলেন, ‘এসব উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে এবারের সিটি নির্বাচন হয়েছে। আমরা তো এসব উদ্বেগ, উৎকণ্ঠা দূর করতে পারিইনি, এটি আরও ঘনীভূত হয়েছে।

ভোটর উপস্থিতির যে হার দেখানো হয়, ভোটকেন্দ্রে যাওয়ার পর আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে তা মিলে না। অনেকের অভিযোগ- তাদেরকে ভোট দিতে বিভিন্নভাবে প্রভাবিত করা হয়েছে। অনেকে বলেছেন, তাদের ভোট অন্যরা দিয়ে দিয়েছে।’

বদিউল আলম মজুমদা মনে করেন, ‘নির্বাচন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়। কিন্তু, এই নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়নি। এই নির্বাচন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আমাদের নির্বাচন ব্যবস্থা ভেঙে যাওয়ার ক্ষেত্রে এটি আরও একটি পদক্ষেপ। এর পরিণতি অমঙ্গলকর।’

তার মতে, ‘নির্বাচনই শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ। এটি যদি ভেঙে যায় তাহলে আমরা মহাবিপদের দিকে ধাবিত হবো। এটি কারো জন্যেই কল্যাণ বয়ে আনবে না। এর মাসুল আমাদের সবাইকে দিতে হবে।’

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর