চট্টগ্রামে সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
রোববার (০২ ফেব্রুয়ারী) সকাল নয়টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মাহাবুবর রহমানের (বিপিএম-পিপিএম) নির্দেশে ডিবি-পিআর ও আইসিটি শাখার তত্ত্বাবধানে দামপাড়া পুলিশ লাইন্সের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে উদ্বোধন করা হয় ০৫ দিন ব্যাপী সিডিএমএস প্রশিক্ষণ কর্মসূচি।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম(বিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ, পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) জনাব অনিন্দিতা বড়ুয়া ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-পিআর ও আইসিটি) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক সহ বিভিন্ন প্রশিক্ষণার্থী পুলিশ কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সূত্রে জানা যায়, আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত গতিতে অন্যায় দমন ও অপরাধী সনাক্তকরণের লক্ষ্যে পুলিশদের সিডিএমএস’র (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদ্ধতিতে খুব সহজে দ্রুত যে কোন অন্যায় বিস্তারিত তথ্য উপাত্ত জানা যাবে এবং ক্রিমিনালদের সনাক্তকরণ করা যাবে।
পাঁচ দিন ব্যাপি আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এসআই থেকে সহকারী পুলিশ কমিশনার পর্যন্ত মোট ১৩০জন পুলিশ সদস্য। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করবেন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত ০২জন প্রশিক্ষকসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-পিআর ও আইসিটি) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক।