আলোচিত আবরার ফাহাদ হত্যা মামলার আসামী ইফতি মোশাররফ সকালের বাবা মারা গেছেন।
গত শনিবার গভীর রাতে স্ট্রোক করে তার মৃত্যু হয় বলে পরিবারসূত্রে জানা গিয়েছে।
ইফতির বাবার নাম ফকির মোশাররফ হোসেন (৪৫)। রাজবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের ধুনচি গ্রামের আটাশকলোনি এলাকায় তাদের বসবাস।
পরিবার সূত্রে জানা গেছে, ৩০ জানুয়ারি ঢাকার আদালতে ইফতির শুনানির দিন ছিল। ওইদিন ছেলের শুনানিতে মোশাররফ হোসেন ঢাকায় গিয়েছিলেন।
ঢাকা থেকে বাড়ি ফেরার পর থেকেই ছেলের জন্য দুশ্চিন্তা করতে থাকেন তিনি। শনিবার রাতে হঠাৎ করে স্ট্রোক করেন তিনি। প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়।
পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৩টার দিকে মারা যান মোশাররফ।
এদিকে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় রাবেয়া বেগম।
প্রসঙ্গত, ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে গত বছরের ৫ অক্টোবর বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আবরার। এর জেরে পর দিন রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে তার লাশ সিঁড়িতে ফেলে রাখা হয়।
নৃশংস এ হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। চার্জশিটভুক্ত এই ২৫ আসামিসহ মোট ২৬ ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বুয়েট কর্তৃপক্ষ।
বার্তা বাজার/ এসজে