সিভি জমা দেয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পর স্থগিত ঘোষণা করা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের হল সম্মেলন। রবিবার দুপুরে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চত করেন। আগামী ৫ ফেব্রুয়ারি একযোগে বিশ্ববিদ্যালয়ের ১৭ হলের সম্মেলনে হওয়ার কথা ছিলো।
এ বিষয়ে জানতে চাইলে ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘অনিবার্য কারণবশত হল সম্মেলন স্থগিত করা হয়েছে। সম্মেলনের পরবর্তী তারিখ এ মাসের মধ্যে জানিয়ে দেয়া হবে আশা করছি।’
এদিকে ছাত্রলীগের দপ্তর সূত্রে জানা যায়, ৫ ফেব্রুয়ারী সম্মেলনের তারিখ ঘোষণা করে সম্মেলনে পদ প্রত্যাশীদের কাছ থেকে তাদের সিভি আহবান করা হয়। জমা দেয়ার নির্ধারিত সময় ৩০ জানুয়ারি পর্যন্ত সম্মেলনের জন্য মো ৪১৬ জন পদ প্রত্যাশী সিভি জমা দেন।
এদিকে, হল সম্মেলনের স্থগিতের এই ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন রাবি শাখা ছাত্রলীগের অনেক পদপ্রত্যাশী নেতাকর্মী। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে যে প্রাণচাঞ্চল্য বিরাজ করছিলো এই সিদ্ধান্তের ফলে তা অনেকটাই কমে যাবে বলে মনে করছেন তারা।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে একসঙ্গে ৮টি হল শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনের পরদিন ২৩ নভেম্বর তিনটি এবং ২৪ নভেম্বর চারটি হলের কমিটি ঘোষণা করা হয়।
বার্তা বাজার / ডব্লিও.এস