ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ব্যবহৃত পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবারের (৩ ফেব্রুয়ারি) মধ্যে প্রার্থীদের নিজ খরচে এগুলো সরাতে হবে। তবে সরকারি সংস্থা এসব অপসারণ করলে প্রার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামীকালের (৩ ফেব্রুয়ারি, সোমবার) মধ্যে যে যে প্রার্থী প্রচার করেছেন, নিজ দায়িত্বে তারা পোস্টার অপসারণ করে নিয়ে যাবেন।
তা না হলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, যারা দায়িত্বরত আছেন তারা সরাতে গেলে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং অন্য যে বিধান আছে তাও মেনে নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রার্থীদের প্রতি অনুরোধ থাকবে, তারা নিজ নিজ দায়িত্বে পোস্টার-ব্যানারগুলো সরিয়ে নেবেন।’ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি)।
নির্বাচনে ঢাকা উত্তরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট এবং দক্ষিণে ফজলে নূর তাপস ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বার্তাবাজার/কেএ