ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ দাবি, ১৫ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি। এই অবস্থায় চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে হেলাল উদ্দিনের পরিবার। পুলিশ বলছে, প্রযুক্তির সহায়তায় উদ্ধারে তৎপরতা চলছে।

উপজেলার বড়হিত ইউনিয়নের রাধাবল্লবপুর মো. হাসিম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩৫)। গত ১৮ জানুয়ারি উচাখিলা বাজারে ব্যবসার কাজে যান। প্রতিদিন রাতে বাড়িতে ফিরলেও ওই দিন হেলাল উদ্দিন বাড়িতে ফেরেনি। সম্ভাব্য বিভিন্ন সাথে খোঁজাখুঁজি শুরু হয়। নিখোঁজের বিষয়টি নিয়ে ২০ জানুয়ারি ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী মাজেদা খাতুন। কিন্তু ২১ জানুয়ারি রাতে মুঠোফোনে (০১৯৬১-৬৮৫৯৬১ এই নম্বর থেকে) হেলালের বড় ভাই মো. দুলাল মিয়ার মুঠোফোনে ফোন আসে। ফোনের অপর প্রাপ্ত থেকে বলা হয়- ‘তোর ভাই কি হারানো গেছে? তোর ভাইকে আমরা নিয়ে গেছি। ফেরত পেতে হলে ২ লাখ টাকা লাগবে।

তখন দুলাল মিয়া এতো টাকা দিতে পারবে না অনুনয় বিনয় করলে এক লাখ টাকায় রফা হয়। টাকা নিয়ে যেতে উচাখিলা-লক্ষ্মীগঞ্জ সড়কে। ওই দিন কিছুদূর গিয়ে মুঠোফোনে ওই নম্বরে কল দিয়ে তা বন্ধ পান দুলাল। ওই অবস্থায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ মুঠোফোনের নম্বরটি দিয়ে প্রযুক্তির সহায়তায় উচাখিলা ইউনিয়নের মঘা গ্রামের নুর ইসলাম ও তার ছেলে আজিজুলকে আটক করে।

মুঠোফোনের ওই নম্বরটি নুর ইসলামের নামে থাকায় এবং ফোনটি আজিজুল ব্যবহার করায় তাদের আটক করা হয়। কিন্তু ঘটনার অন্তত ১৫ দিন আগে ফোনটি হারিয়ে যাওয়ায় এবং তাদের কাছ থেকে কোনো ধরণের ক্লু না পাওয়ায় পুলিশ স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দু’জনকে ছেড়ে দেন।

ব্যবসায়ী নিখোঁজ ও মুক্তিপন চাওয়ার ১৫ দিন পেরিয়ে গেলেও রোববার বিকেল পর্যন্ত পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। হেলালের ভাই দুলাল মিয়া বলেন, ব্যবসার কাজ শেষে তার ভাই বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পরে মোবাইলে ২ লাখ টাকা মুক্তিপন চাওয়া হয়। পুলিশ দুইজনকে আটক করলেও ছেড়ে দিয়েছে। কিন্তু তার ভাই উদ্ধার হয়নি। তার ভাইকি জীবিত রয়েছে না খারাপ কিছু হয়েছে তাও তারা জানেন না।

ঈশ্বরগঞ্জ থানার এসআই শাওন চক্রবর্তী বলেন, প্রযুক্তির সহায়তা নিয়ে ব্যবসায়ীকে উদ্ধারে তারা সর্বাত্মক চেষ্টা করছেন।

বার্তা বাজার / ওয়ালিদ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর