সভাপতি-সম্পাদক ছাড়াই জাবি ছাত্রলীগের হরতাল বিরোধী বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া কর্মসূচী পালন শুরু করেছেন। ছাত্রদের ৭টি হলের নেতাকর্মীরা মিলে হরতাল বিরোধী বিক্ষোভ পালন করে।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে তারা বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এই মিছিলে বিশ্ববিদ্যালয়ের সাতটি হলের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেয়।

তবে সভাপতি মো. জুয়েল রানা ও তার হলের নেতাকর্মীরা এতে অংশ নেয়নি। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় সাতটি হলের পক্ষ থেকে শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মাইনুল হুসাইন রাজন বলেন, ‘গত ছয় মাস যাবৎ সাধারণ সম্পাদক ক্যাম্পাসে নেই। সভাপতিকেও সব সময় পাওয়া যায় না। এভাবে একটি গুরুত্বপূর্ণ ইউনিট চলতে পারে না। তাই আমরা এখন থেকে নতুন এই প্লাটফর্মে কর্মসূচী পালন করবো। আজ আপনাদের উপস্থিতি প্রমাণ করে নতুন প্লাটফর্মে প্রাণ ফিরে পেয়েছে শাখা ছাত্রলীগ।’

এই সময় তিনি উপস্থিত সবাইকে আহ্বান জানিয়ে বলেন, ‘আগামীদিনে আমরা এই প্লাটফর্ম থেকে যেসব কর্মসূচী হাতে নিব, তার সঙ্গে সকলকে সাথে থাকার আহ্বান জানাই।’

বিক্ষোভ মিছিল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মিজানুর রহমান ও জহিরুল ইসলাম বাবু, বায়েজিদ রানা কলিংস, যুগ্ম সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক মো. তারেক হাসান, অভিষেক মন্ডল, নিলাদ্রী শিখর মজুমদার, মাহমুদুল হাসান রিজু

এই বিষয়ে সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘আমি কর্মসূচী পালন করার জন্য কেন্দ্রের সাথে কথা বলেছিলাম। তবে তারা বলেছে, এরকম কর্মসূচীর দরকার নেই। তারা তাদেরকেও (মিছিলে অংশগ্রহণকারী) বলেছে। কিন্তু তারা নিষেধ অমান্য করে কর্মসূচী পালন করেছে।’

তবে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তারেক হাসান বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে কোন নিষেধাজ্ঞা ছিল না। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের অনুমতি নিয়েই কর্মসূচী পালন করেছি।’

প্রসঙ্গত, এর আগে গত ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা করে নতুন কমিটির দাবিতে ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন করে শাখা ছাত্রলীগের এই অংশটি।

বার্তা বাজার / ওয়ালিদ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর