বিএনপির ডাকা হরতালে জীবনযাত্রা স্বাভাবিক

ঢাকায় বিএনপির হরতাল চললেও প্রায় সকল সড়কেই স্বাভাবিকভাবে যান চলাচল করছে। সকাল থেকেই উত্তরা,আব্দুল্লাহপুর,এয়ারপোর্ট এলাকার রাস্তায় গাড়ি চলাচল করছে। তবে অন্যদিনের তুলনায় তা কিছুটা কম। আবুদল্লাহপুর, এয়ারপোর্টসহ বিভিন্ন মোড়ে গাড়ির চাপ দেখা যায়। আশেপাশের সব মার্কেটও খোলা। চাপ না থাকলেও ক্রেতা সমাগম চলছে।

উত্তরার হাউস বিল্ডিংয়ে দাঁড়িয়ে কথা হয় শারমিন বেগমের সঙ্গে। ছেলেকে নিয়ে মোহাম্মদপুর থেকে আত্মীয়ের বাড়িতে এসেছেন তিনি। আলাপকালে তিনি বলেন, ‘আসার পথে পুরো রাস্তায় অনেক বাস দেখেছি। গাড়ি পেতে সমস্যা হয়নি। সেইভাবে জ্যাম না থাকলেও সিগন্যালে আটকা থাকতে হয়েছে।’

স্থানীয় কয়েকজন দোকানদার জানান, হরতালের কারণে পুলিশের টহল দেখা গেলেও বিএনপির পক্ষ থেকে কোনো মিছিল চোখে পড়েনি।

উল্লেখ্য, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করে ঢাকায় হরতাল ডেকেছে বিএনপি। দলটি রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডাকলেও তেমনভাবে রাজপথে দেখা যায়নি।

রাজধানীজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা, সতর্কতা ও নজরদারিতে চলছে যানবাহন। ছেড়ে যেতে দেখা গেছে দূরপাল্লার পরিবহনও। রাজধানীর প্রধান সড়ক, গলিপথ সব স্থানেই চলছে যানবাহন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর