বাসচাপায় মা-মেয়েসহ সড়কে ঝরলো ৩ প্রাণ

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসের চাপায় রিকসা আরোহী মা মেয়েসহ রিকসা চালকের মৃত্যু হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি)সকাল ৯টার দিকে আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরের নিরিবিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মালেকা বেগম, শিশু ফাতেমা বেগম (৪) ও রিকসা চালক জুয়েল রানা। নিহত মালেকা বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পানাই গ্রামের আরোজ মোল্লার স্ত্রী ও রিক্সা চালক জুয়েল রানা (২৫) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার অঞ্জনপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। বর্তমানে মালেকা বেগম ও শিশু ফাতেমা আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় কামরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা যায়।

এ ঘটনায় বাসটি আটক করলেও ঘাতক চালককে আটক করতে পারেনি পুলিশ। এব্যাপারে,আশুলিয়া থানার উপ-পরিদর্শক নূরুল হুদা জানান, আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে রিকশা যোগে চার বছরের মেয়েকে নিয়ে নবীনগর যাচ্ছিলেন মা মালেকা বেগম। রিকশাটি নবীনগর এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা দ্রুতগতির মানিকগঞ্জগামী কাবা পরিবহনের একটি বাস তাদের বহনকারী রিকসাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে ও রিকশা চালক মারা যান।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে স্থানীয়রা জানান, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকার পরও কিভাবে হাইওয়ে দিয়ে এসব চলাচল করে? হাইওয়ে থানার পুলিশ এব্যাপারে তাদের দায়িত্ব আরও ভালোভাবে পালন করলে মহাসড়কে এ ধরণের দূর্ঘটনার হার হ্রাস পাবে বলেও জানান সাধারণ মানুষ।

এব্যাপারে মুঠোফোনে গাজীপুর রিজিয়ন এর সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল বাকী জানান, মহাসড়ক দিয়ে থ্রি-হুইলার চলাচলে হাইওয়ে থানা অত্যন্ত কঠোর ভূমিকা পালন করছে। তবে বিচ্ছিন্নভাবে কিছু থ্রি-হুইলার চলাচল করে আমাদের অগোচরে, মূলত এরাই দূর্ঘটনার শিকার হয়। তাই এব্যাপারে যারা থ্রি-হুইলারে চলাচল করেন মহাসড়ক দিয়ে তাদেরকেও সচেতন হতে হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর