আবারো বেপরোয়া বরগুনার রিফাতকে কুপিয়ে হত্যাকারী বন্ড বাহিনীর সদস্যরা। তারা আদালতের হাজতখানা থেকে মোবাইল ফোন ব্যবহার করে সেলফির পাশাপাশি সাক্ষী ও সাংবাদিকদের হুমকি দিচ্ছেন। এতে শঙ্কিত এ মামলার আইনজীবীরাও। তবে এ বিষয়ে দায় এড়ানোর চেষ্টা চালান কোর্ট পুলিশ পরিদর্শক ও জেল সুপার।
আলোচিত রিফাত হত্যার ঘটনায় দুটি মামলায় প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্ক ২৪ আসামির মধ্যে ১৭ জন কারাগারে। এদের মধ্যে বর্তমানে প্রধান আসামি রিফাত ফরাজিকে সঙ্গে নিয়ে অন্যতম আসামি মুহাইমিনুল ইসলাম সিফাত, টিকটক রিদয় ও হাসানের একটি সেলফি দেখা যায়।
এতে দেখা যায়, আসামিরা আদালতের হাজতে অবস্থান কালে সেলফিটি তুলেছে। অবশ্য কারাবন্দি অবস্থায় মোবাইল ব্যবহার ও সেলফি তোলার বিষয়ের দায় এড়ানোর চেষ্টা চালান কোর্ট পুলিশ পরিদর্শক ও জেল সুপার।
এ প্রসঙ্গে বরগুনা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। এ ছবি যথাসম্ভব কোর্টে গিয়ে তাদের আত্মীয়স্বজন তুলে ফেসবুকে দিয়ে দিয়েছে। জেলখানার ভেতর ছকি তোলার কোনো সুযোগ নেই।
শুধু মোবাইল ব্যবহার নয় আসামি ও তাদের অভিভাবকরা আদালতে আসা যাওয়ার সময় হুমকি দিচ্ছেন সাংবাদিকদের। আর সাক্ষীদের হুমকি দেয়ার অভিযোগ করেছেন নিহত রিফাতের বাবা মামলার বাদী দুলাল শরিফেরও।
বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জিব দাস বলেন, পুলিশ সুপারের কাছে অনুরোধ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
আশঙ্কা প্রকাশ করে বাদী পক্ষের আইনজীবী জানান, গ্রেফতাররা কারাগারের ভেতরে বেপরোয়া আর বাইরে বন্ড বাহিনীর অন্য সদস্যরা সাক্ষীদের হুমকি দিতে সক্রিয় এখন। নিহত রিফাতের বাবা ও মামলার বাদী দুলাল শরীফ বলেন, সাক্ষীদের হুমকি দেয়া হচ্ছে।
গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরিফকে কুপিয়ে হত্যা করে বন্ড বাহিনী। এ ঘটনায় বন্ড বাহিনীর ২৪ জন আসামি হলেও মামলার বাইরে রয়েছেন শতাধিক বন্ড সদস্য।
বার্তাবাজার/এমকে