এসপি’র ছেলে আতিকুল এখন নগরপিতা

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালকে দেড় লাখ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম। আতিকুল ইসলামের প্রাপ্ত ভোট ৩ লাখ ৭০ হাজার ৬১ ভোট। আর বিএনপির তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ১২ হাজার ৫৭৭ ভোট।

প্রয়াত মেয়র্ আনিসুল হকের মৃত্যুর পর উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোয়ন পেয়ে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে নগরপিতা নির্বাচিত হয়েছিলেন আতিকুল ইসলাম। শপথ গ্রহণ করেন একই বছরের ৭ই মার্চ।

নব-নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম ১৯৬১ সালের ১ জুলাই নীলফামারী জেলার সৈয়দপুরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার তিতাস উপজেলায়। তার পিতার নাম মমতাজউদ্দিন আহমেদ ও মাতার নাম মাজেদা খাতুন। ৬ বোন ও ৫ ভাইয়ের মধ্যে আতিকুল ইসলাম সবার ছোট। আতিকুল ইসলামের পিতা মমতাজ উদ্দিন ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। পুলিশ সুপার (এসপি) হিসেবে অবসর গ্রহণ করেন।

১৯৮৫ সালে আতিকুল ইসলাম ও তার ভাই শফিকুল ইসলাম ‘ইসলাম গ্রুপ’ প্রতিষ্ঠা করার মাধ্যমে পোশাকখাতে ব্যবসা শুরু করেন। বর্তমানে আতিকুল ইসলাম প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৩-১৪ মেয়াদে বিজিএমই’র সভাপতির দায়িত্ব পালন করেন মেয়র আতিকুল ইসলাম। এছাড়াও তিনি বাংলাদেশের পোশাকখাতের শ্রম পরিস্থিতি ও পণ্যের মান উন্নয়নে গঠিত সেন্টার অব এক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রিজের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে ঘোষণা করে বাংলাদেশ সরকার।

বার্তা বাজার / ওয়ালিদ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর