ঢাকা দক্ষিণে বিপুল ভোটে জয় পেলেন তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার রাতে সবগুলো কেন্দ্রের ‍ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন দক্ষিণ সিটি নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

তাপসের প্রাপ্ত ভোট ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

নির্বাচনে কারচুপির অভিযোগ করে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিরোধীদল বিএনপি। প্রতিবাদে রোববার রাজধানীতে হরতালের ডাক দিয়েছে দলটি।

ঢাকা দক্ষিণ সিটিতে এবার ১১৫০টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।

দক্ষিণে মেয়র পদে ভোটে লড়েন ৭ জন প্রার্থী। তারা হলেন: আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, এনপিপির বাহারানে সুলতান বাহার, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর