বাড়ীর পাশের জমিতে ট্রাক্টর দ্বারা হালচাষ দেখতে গিয়ে ওই হালের ফালে কাটা পড়ে নুরনবী নামে ৭ বছরের এক শিশুর মর্মাত্মিক মৃত্যু হয়েছে। নিহত শিশু নুরবনী ওই এলাকার রাসেল আলীর ছেলে।
শনিবার সন্ধ্যা ৬টার সময় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নে কাচনপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম।
জমির মালিক মাজহারুল ইসলাম জানান, সন্ধ্যায় একই এলাকার মফিজ উদ্দীনের ছেলে ট্রাক্টরচালক লাল মোহাম্মদ আমার জমিতে হালচাষ করছিলো। জমির একপাশের আইলে দাড়িয়ে শিশু নুরনবী তা দেখছিল।
জমির কোনায় হালচাষের জন্য ট্রাক্টরের হালের ফাল তুলে পিছনে না দেখেই শিশুটিকে চাপা দিয়ে সামনে ট্রাক্টর টান দিলে কাটা পড়ে নুরনবী। এতে ঘটনাস্থলেই পেট ও মাথা কেটে নুরনবী মারা যায়। এ ঘটনার পর থেকেই ট্রাক্টরচালক পলাতক রয়েছে।
শনিবার রাতে বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফিরে আসলে বিস্তারিত বলা যাবে।
বার্তাবাজার/এমকে