এবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে হুংকার দেওয়ার মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সাপ্তাহিক নিউজউইকে’র এক প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশ করা হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই গত বছরের মে থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ২৯টির বেশি দেশে ৯৩টি ভিন্ন ভিন্ন সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এতে দাবি করা হয়, স্থলযুদ্ধ থেকে সাইবার যুদ্ধ পর্যন্ত বিভিন্ন সামরিক কৌশলের এ অনুশীলনের লক্ষ্য ইরান বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ নয়। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে এ মহড়ার অনুশীলন করা হয়েছে।

২০১৪ সালের মার্চে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেওয়ার পর থেকে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক নেই।

যুক্তরাষ্ট্র-রাশিয়ার উত্তেজনার পরিপ্রেক্ষিতে উভয় দেশই তাদের সামরিক তৎপরতা বিপুল পরিমাণে বাড়িয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

গত বছরের অক্টোবরে ন্যাটোর পার্লামেন্টারি কমিটির এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, ইউরোপীয় নিরাপত্তা পরিস্থিতির ক্রমাবনতির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো) নাটকীয়ভাবে বাড়িয়েছে তাদের সামরিক তৎপরতা। এর প্রতিক্রিয়ায় থেমে নেই রাশিয়াও।

সামরিক মহড়ায় মার্কিন ট্যাংক। রুশ হুমকি মোকাবেলায় পূর্ব ইউরোপে যথেষ্ট পরিমাণে ন্যাটোর স্থলসেনা না থাকায় প্রতিবেদনে কমিটি তাদের উদ্বেগ প্রকাশ করে। তবে সামরিক দক্ষতা ও সরঞ্জামের দিক থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়াকে অতিক্রম করেছে বলে প্রকাশ করা হয়।

এদিকে অক্টোবরেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, ২০২০ সালে ইউরোপে ন্যাটোর পরিচালনায় এক সামরিক মহড়ার আয়োজন করা হবে।

ইউএস ইউরোপিয়ান কমান্ড (ইউরোকম) জানায়, ৩৭ হাজার সেনার অংশগ্রহণে ২০২০ সালের এপ্রিল ও মে মাসে এ মহড়া অনুষ্ঠিত হবে।

মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও দার্শনিক নোয়াম চমস্কি ২০১৬ সালে এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট ও রাশিয়ার মধ্যে কোনো যুদ্ধ হলেই তা পরমাণু যুদ্ধে রূপ নেবে। এর মাধ্যমে মানবজাতির বিলুপ্তি ঘটতে পারে।

বার্তা বাজার/শআজু

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর