ক্ষুধামুক্ত সোনার বাংলা গঠনে বাকৃবির অবদান: অধ্যাপক ড. গওহর রিজভী

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী বলেছেন, বঙ্গবন্ধু কৃষিতে বিপ্লব আনতে চেয়েছিলেন। ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে অগ্রদূত হিসেবে কাজ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) বার্ষিক গবেষণা কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত দু’দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উদ্বোধন অনুষ্ঠানে ড. গওহর রিজভী আরও বলেন, দেশ স্বাধীনের সময় জনসংখ্যা প্রায় ৭০ মিলিয়ন ছিলো এবং আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম না। আজ দেশের জনসংখ্যা ১৬০ মিলিয়নের বেশি হওয়া সত্ত্বেও আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের গ্রাজুয়েট এবং তাদের উন্নত গবেষণার ফলে আমরা এই সফলতা পেয়েছি। অন্যদিকে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দারিদ্রতার হার ৪৪ ভাগ থেকে কমে ২০ ভাগের নিচে নেমে এসছে।

বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খানের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার মর্দাক বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. রিচার্ড বেল।

উদ্বোধন অনুষ্ঠানে, গবেষণার আন্তর্জাতিক মানদন্ড এইচ-ইনডেক্সের উপর ভিত্তি করে ১৫ জন গবেষককে ‘গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকোগনাইজেশন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এছাড়াও কৃষিতে বিশেষ অবদান রাখার জন্য খামার পর্যায়ের ৩ জন কৃষককে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি পুরষ্কার-২০২০’ প্রদান করা হয়।

উল্লেখ্য, দুইদিন ব্যাপী কর্মশালায় ৩২৪টি মৌখিক ও ২১২টি পোস্টার গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। সেরা ৬ জন পোস্টার উপস্থাপককে ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর