নারায়ণগঞ্জে লাখো জনতার সমাবেশ শুরু

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবীতে নারায়ণগঞ্জে বিশাল সমাবেশ শুরু হয়েছে নারায়ণগঞ্জের ইদগাহ ময়দানে। শনিবার দুপুরে (১ ফেব্রুয়ারি) আয়োজিত সমাবেশে যোগ দিয়েছেন হেফাজতে ইসলামের আমীর মাওলানা আহমদ শফি। ইতোমধ্যে সমাবেশস্থল ছাড়িয়ে লাখো লোকের সমাবেশ নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে চাষাঢ়া সংযোগ সড়কে চলে এসেছে।

নাসিক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, যোহরের পর থেকেই কেন্দ্রীয় ঈদগাহে মূলত সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এখানে দেশবরেণ্য আলেম ওলামার বক্তব্য রাখলেও মূল আকর্ষণ আল্লামা আহমদ শফি। এখানে প্রায় ২ হাজার মানুষের একসাথে ওজু করার ব্যবস্থা করা হয়েছে এবং ৫০টি অস্থায়ী শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে।

ছবি: বার্তা বাজার

তিনি জানান, আসরের নামাজ আদায়ের জন্য পঞ্চবটী মোড় থেকে চাষাঢ়া পর্যন্ত মোড়ে মোড়ে সড়কে ব্যবস্থা করা হয়েছে। রাস্তার দুপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং মশার ঔষধ ছিটানো হয়েছে। লাখো মানুষের সমাগম এখন মূল সড়ক ছাড়িয়ে গেছে।

সংশ্লিষ্টদের মতে, কাদিয়ানিদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার জন্য বাংলাদেশে ব্যাপক আন্দোলনের পরিকল্পনা করছে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়্যাত বাংলাদেশ। এ আন্দোলনের অংশ হিসেবে প্রথমে বাংলাদেশের ৬৪জেলায় ৬৪টি মহাসম্মেলন করা হবে। এরপর ৬৪জেলার মুসল্লিদের নিয়ে মহাসম্মেলন করবে। এটাই হচ্ছে বাংলাদেশর সবচেয়ে বড় জমায়েত। এখান থেকেই আন্দোলনের সূচনা হবে। সম্মেলন উপলক্ষে চাষাঢ়া হতে মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ পর্যন্ত ৬টি স্পটে রয়েছে প্রজেক্টর।

অনুষ্ঠানের সমন্বয়ক হেফাজত ইসলামের নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান জানান, আজ নারায়ণগঞ্জ আরেক রেকর্ড গড়তে যাচ্ছে। ইতোমধ্যে এখানে লাখ লাখ তৌহিদী জনতার সম্মিলন ঘটেছে। আমাদের প্রত্যাশা কমপক্ষে ১০ লাখ মানুষ হবে। এখানে রব উঠবে ‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের কাফের।’

আল্লামা শফি ছাড়াও এতে উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলামীর মহাসচিব জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামীর ঢাকা মহানগরের সভাপতি নূর হোসাইন কাশেমী, সাইদুর রহমান, আব্দুল হামিদ, আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মিজানুর রহমান চৌধুরী, নূরুল ইসলাম জিহাদী, আবদুল্লাহ মুহাম্মদ হাসান, জুনায়েদ আল হাবীব, ইমাদুদ্দীন, আবদুল বারী, আশরাফ আলী, আবদুল কুদ্দুস, তাফাজ্জুল হক, নূরুল ইসলাম ওলিপুরী, মুহাম্মদ ওয়াক্কাস, আশেকে এলাহী, আব্দুল হাই মেশকাত, মুহাম্মদ ইসহাক, মামুনুল হক, নজরুল ইসলাম কাশেমী, ওবায়দুর রহমান খাঁন নদভী, মাহবুবুল হক কাশেমী, শফিকুল ইসলাম, আবদুল আউয়াল, আবদুল কাদির, আবু তাহের জিহাদী প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর