ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কালিবাবু রোডস্থ বিশ্বাস হোমিও হলের স্বত্ত্বাধিকারী ও বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন (বি.এইচ.এম.এ) এর আলফাডাঙ্গা উপজেলা শাখার সাবেক সভাপতি ডা. জিতেন্দ্রনাথ বিশ্বাস আর নেই।
আজ শনিবার (১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুরের ডায়াবেটিস হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, চার কন্যা, পুত্রবধূসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, ডা. জিতেন্দ্রনাথ বিশ্বাস প্রায় অর্ধশত বছরের বেশি সময় ধরে হোমিও চিকিৎসক পেশায় নিজেকে জড়িয়ে রেখেছেন। তার চিকিৎসার সুনাম আর সুখ্যাতি রয়েছে ফরিদপুর জেলাজুড়ে।
আজ বিকালে মরদেহ তার গ্রামের বাড়ী বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বাওড়কান্দি গ্রামে পারিবারিক শশ্মান ঘাটে সৎকার সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
এ দিকে প্রবীণ এ হোমিও চিকিৎসকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী গভীর শোক প্রকাশ করেছেন।
বার্তাবাজার/এমকে