কেন্দ্রের সামনে ভিড় করছে জনতা

ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থীদের সমর্থক ও উৎসুক জনতা ভোট কেন্দ্রগুলোর সামনে ভিড় করেছেন। শনিবার বিকেল ৪টায় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়। এই মুহুর্তে মিরপুরের ভোটকেন্দ্রগুলোর বাইরে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

চিড়িয়াখানা রোডে বড় বিসিআইসি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট শেষ হওয়ার পর কেন্দ্রের সামনে রাস্তার দুইপাশে ও ফুটপাতে ভিড় জমিয়েছেন কয়েক শতাধিক মানুষ। এলাকার প্রতিনিধি হিসেবে কে জয়লাভ করলেন, তা জানতে তাদের এই ভিড়।

ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের একাধিক সমর্থকের সঙ্গে কথা বললে তারা জানান, কেন্দ্রের ভেতরে ভোট গণনা শুরু হয়েছে। এই কেন্দ্রের ফল জানতে আমরা অপেক্ষা করছি।

তারা বলেন, দলীয় সিদ্ধান্তে সকাল থেকে মেয়র প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে কাজ করেছি। অনেক ভোটারকে বাসা থেকে রিকশা ভাড়া দিয়ে ভোট কেন্দ্রে আনা হয়েছে। আমাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে আমরা নানাভাবে চেষ্টা চালিয়েছি। বর্তমানে তারা ফলাফলের অপেক্ষায় রয়েছেন বলে জানান।

মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনেও প্রার্থীদের সমর্থকদের ভিড় দেখা যায়। তাদের সঙ্গে যোগ দিয়েছেন একাধিক পথচারী ও উৎসুক জনতা। তাদের অনেকের গাল-গল্পে সিটি নির্বাচনের হালচাল ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে হঠাৎ হঠাৎ চিৎকার দিয়ে উঠছেন, নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন বলে।

ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী বলেন, ভোট শেষ অনেকে দাঁড়িয়ে আছে। নির্বাচনের ফলাফল কখন হবে জানি না, অনেকে দাঁড়িয়ে আছে। তাই দেখতে আমিও এসেছি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর