পর্যাপ্ত আখের সরবরাহ না থাকায় ৪২ দিনের মাথায় বন্ধ হয়ে গেছে ঠাকুরগাঁও সুগার মিলের ৬২তম আখ মাড়াই মৌসুমের উৎপাদন কার্যক্রম। ফলে চলতি মাড়াই মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না এ চিনিকলটি। এতে গত কয়েক বছরের মতো এবারও কয়েক কোটি টাকার লোকসান গুনতে হবে চিনিকলটিকে।
গত শুক্রবার বিকেলে জেলার সুগার মিলস্ লিমিটেড এর এবারের ৬২তম আখ মাড়াই মৌসুমের সমাপ্তি ঘোষণা করেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন।
চিনিকল সুত্রে জানা গেছে, এবার জেলা সুগার মিলস এর ৬২তম আখ মাড়াই শুরু হলেও নির্ধারিত সময়ের ২মাস আগেই সমাপ্তি টানতে হলো মিল কর্তৃপক্ষকে। মাত্র ৪২ দিনের সমাপ্তি হয় এবারে আখ মাড়াই কার্যক্রমের।
৬৫ হাজার মেট্রিক টন আখ ও ৭ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য মাত্র নিয়ে এবারের কার্যক্রম শুরু করলেও ৪২ দিনে এ পর্যন্ত ৫৩ হাজার ৭শ ৩০ মেট্রিক টন আখ এবং ৩ হাজার ২শ ১ মেট্রিক টন চিনি উৎপাদন হয়েছে।
মিলের ডেপুটি প্রোডাকশন ম্যানেজার হাসানুজ্জামান বলেন, এ বছর জেলার ১৪ হাজার একর জমিতে আখ চাষ করা হয় যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই পর্যাপ্ত আখের অভাবে বন্ধ করতে হলো মিল। মিলের মাড়াই কার্যক্রম সময়ের আগে শেষ হলেও এবার লোকসানের পরিমাণ অন্যান্য বারের তুলনায় কম হবে বলে দাবি কর্তৃপক্ষের। এছাড়াও এবছর আখচাষীরা সময়মতো আখের মূল্য পাওয়ায় আগামীবার আখ আবাদের পরিমাণও বৃদ্ধি পাবে বলেও জানায় তারা।
উল্লেখ্য, গত অর্থ বছরের ৭৯ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে এবারের ৬২তম আখ মাড়াই মৌসুম শেষ হয়।
বার্তাবাজার/এমকে