পাবনার বর্ষিয়ান মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি ওয়াজি উদ্দিনের প্রথম জানাযা ; সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি, পাবনা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, পাবনা-০৩ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খানের প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় চাটমোহর বালুচর খেলার মাঠে প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে তার মরদেহে শ্রদ্ধা জানান আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। এ সময় তাকে শেষবারের মতো একনজর দেখতে ভীড় জমে পাবনা, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলার নানা শ্রেণীপেশার মানুষের।

মরহুম ওয়াজি উদ্দিন খানের বর্ণাঢ্য জীবন নিয়ে বক্তব্য রাখেন পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৩ আসনের এমপি মকবুল হোসেন, পাবনা-২ আসনের এমপি শামসুল হক টুকু, সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম, সামসুদ্দিন খবির, উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাখাওয়াত হোসেন সাখো, সাধারণ সম্পাদক আব্দুল মালেক সহ অনেকে।

শুক্রবার সকাল নয়টায় পাবনা শহরের আটুয়া হাউজপাড়া মহল্লার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন ওয়াজি উদ্দিন খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েমহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর