সীমান্ত থেকে ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খড়চাকা সীমান্ত থেকে ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার খরচাকা সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। এঘটনায় শনিবার সকাল ১১ টায় বিএসএফ’র সঙ্গে বিজিবির পতাকা বৈঠক হবার কথা থাকলেও তা হয়নি। বিকেল চারটায় পতাকা বৈঠকের কথা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আটককৃতরা হলেন, পবা উপজেলার গহমাবোনা গ্রামের সেলিম রেজার ছেলে রাজন হোসেন (২৫), মনিবুলের ছেলে সোহেল রানা দোয়েল (২৭), মৃত কালুর ছেলে কাবিল (২৫), মৃত রফিকুলের ছেলে শাহীন (৩৫) এবং আল্লামের ছেলে শফিকুল (৩০)।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর- ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, সীমান্ত থেকে পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছেন তিনি।

এঘটনায় শনিবার সকাল ১১টায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার কথা ছিলো। তবে বিএসএফ কমান্ডার বাইরে থাকায় তা হয়নি। বিকেল ৪টায় আবারো পতাকা বৈঠকের কথা রয়েছে। আশা করা হচ্ছে, বিকেলে পতাকা বৈঠক করে তাদের ফিরিয়ে আনা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর