এজেন্ট ঢুকতে না দেওয়ায় কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন ইশরাক

কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বা যারা ঢুকেছিলেন তাদেরও বের করে দেওয়া হচ্ছে- এমন খবর পেয়ে কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রাজধানীর গোপীবাগে সকালেই ভোট দিয়েছেন ঢাকা দক্ষিণের বিএনপির এই মেয়র প্রার্থী। শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে অভিযোগ করেন, কিছু ভোটকেন্দ্র পোলিং এজেন্ট ঢুকতে দেয়া হয়নি।

ইশরাক পরে অন্য ভোটকেন্দ্রে যান। ওই সময় স্বামীবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি’র এজেন্ট বের করে দিয়ে ভোটারদের যেতে দিচ্ছিলো না আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা।

পরে ইশরাক কেন্দ্রটিতে যান। তার সাথে ছিলেন ছোটভাই ইসফাক হোসেন সহ কর্মী-সমর্থকরা। ইশরাক কেন্দ্রটিতে যেতেই এলাকার লোকজন স্বতঃস্ফূর্তভাবে বের হন ভোট দেয়ার জন্য।

শনিবার সকাল পৌনে ১০টায় প্রথমে সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রে ঢোকেন বিএনপির ইশরাক হোসেন। কলেজটির দুইতলা ভবনের আট বু্থে দেখেন এক বুথ ছাড়া অন্য কোথাও তার কোনো এজেন্ট নাই।

সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আবেদও বিষয়টি স্বীকার করে জানান, যাদের বের করা হয়েছিলো তাদের আবার আনা হয়েছে।
এরপর একে একে বুথে ঢুকে ইশরাক জানতে চান ধানের শীষের এজেন্ট আছে কিনা। কিন্তু মাত্র একটি ছাড়া বাকি সাত বুথে তিনি এজেন্টদের পাননি।

পরে প্রিজাইডিং অফিসার মিজানুর রহমানের কাছে জানতে চান কেন এজেন্টদের বের করে দেয়া হয়েছে? তিনিও বিষয়টি স্বীকার করে বলেছেন, এজেন্ট বের করার পর বিষয়টি ঊর্ধবতন কর্মকর্তাদের জানিয়েছি।’

এসময় পাশে থাকা এক এজেন্ট ইশারককে বলেন, ‘কয়েকজন যুবক এসে আমাদের বের হয়ে যেতে বলেছে। পরে বের হয়ে গেছি।’
তখন তাৎক্ষণিক পুলিশ কর্মকর্তা ওই এজেন্টকে বুথে বসিয়ে দেন।

পরে কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বেশ কয়েকটি বুথে তিনি এজেন্ট পাননি। এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা আশঙ্কা করেছিলাম সকাল ১০টার মধ্যে সরকারি দলের লোকজন ঝামেলা করবে। তাই হচ্ছে।’

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর