ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
শনিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারই প্রথম ঢাকার দুই সিটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হচ্ছে।
বেলা ১২ টা পর্যন্ত ২৭৫ টি কেন্দ্রের তথ্যে ভোট পড়েছে ২০-২২ শতাংশ। কেবল ২ টি কেন্দ্রে নির্বাচনের পোলিং এজেন্ট পাওয়া যায়নি এবং নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে বলে জানিয়েছেন সার্ক হিউম্যান ফাউন্ডেশন ও ইলেকশন মনিটরিং ফোরাম।
স্থানীয় সরকারের এই নির্বাচনে মেয়র পদের প্রার্থীরা লড়ছেন দলীয় প্রতীকে। কিন্তু নির্বাচনী প্রচারে পিছিয়ে ছিলেন না সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরাও। তাদের প্রচারেও মুখ্য ভূমিকায় ছিল দলীয় পরিচয়। ফলে স্থানীয় সরকারের উন্নয়ন কিংবা নাগরিক সেবার বিষয়টি ছাপিয়ে পুরোপুরি রাজনৈতিক রূপ পেয়েছে এবারের ভোটের লড়াই।
ঢাকার দুই সিটিতে এবার ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৫৪ লাখ। শুক্রবার কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার কেন্দ্রগুলোতে মক ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন বলছে, ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়া এবং বাড়ি ফেরার বিষয়ে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে অতীতে নানা অনিয়মের অভিযোগ থেকে রেহাই পেতেই ইভিএমে ভোটের আয়োজন করা হয়েছে।
দুই সিটির মেয়র পদে ইসির নিবন্ধিত ৯টি রাজনৈতিক দলের ১৩ জন প্রার্থী লড়াইয়ে রয়েছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা। উত্তরে ৬ জন এবং দক্ষিণে ৭ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বার্তা বাজার/এম.সি