চীন থেকে ৩১২ বাংলাদেশিকে নিয়ে বিশেষ ফ্লাইট ঢাকায়

চীনের উহানে আটকে পড়া ৩১২ বাংলাদেশিকে নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌছেঁছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-৩০০ বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এর আগে স্থানীয় সময় ৯টা ১০ মিনিটে তাদের নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় বিমানটি।

দেশে ফিরিয়ে এনে তাদেরকে এয়ারপোর্টের বিপরীত দিকে আশকোনাস্থ হজ ক্যাম্পে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করে রাখা হবে। সে সময় তাদের সঙ্গে পরিবারসহ কেউই দেখা করতে পারবে না বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

হজ ক্যাম্পে ১৪ দিন রাখা অবস্থায় যদি কেউ অসুস্থ হয় তাহলে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের কোয়ারেন্টাইন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ ও সেনাবাহিনী সর্বদা মোতায়েন থাকবে।

চীনের উহান শহরে আটকা পড়া শিক্ষার্থী ইমশিয়াত শরীফ প্রধানমন্ত্রীকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনার দ্রুত সিদ্ধান্তের কারণেই হয়তো আমরা ফিরতে পারছি। আপনি হাসি ফুটিয়েছেন আটকেপড়া অনেক বাংলাদেশি শিক্ষার্থীদের।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিমানের এই বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উহানের উদ্দেশে ছেড়ে যায়।

পরে উহানের তিয়ানহি ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে স্থানীয় সময় শনিবার ভোর পৌনে ৬টায় (বাংলাদেশ সময় সকাল পৌনে ৮টায়) তাদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ঢাকার উদ্দেশে উড়াল দেয়।

ফ্লাইটটিতে মোট ৩১৬ জন যাত্রী ফিরছেন যার মধ্যে ৩০১ জন প্রাপ্তবয়স্ক, ১২ জন শিশু এবং তিন জন নবজাতক।

এছাড়া উড়োজাহাজটিতে চারজন ডাক্তার, পাইলট ছাড়াও ১১ জন কেবিন ক্রু, তিনজন ককপিট ক্রু, দুজন প্রকৌশলী রয়েছেন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর