রাজধানীর মোহাম্মদপুরে জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হামলার শিকার হন। আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন অনলাইন নিউজ পোর্টাল আগামী নিউজে কর্মরত। তার বাড়ি সাতক্ষীরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য তিনি।
জাফরাবাদের এই কেন্দ্রটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪ নম্বর ওয়ার্ডে পড়েছে। এই ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোকন। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে রয়েছেন সংসদ সদস্য সাদেক খানের ভাতিজা রাজেশ খান।
ঘটনার সময় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সাবেক সভাপতি সালেহ আকন্দ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আহত সাংবাদিক সুমনের সঙ্গেও রয়েছেন তিনি।
সালেহ আকন্দ বলেন, কাউন্সিলর প্রার্থী খোকনের (টিফিন ক্যারিয়ার প্রতীক) সমর্থকরা অস্ত্র নিয়ে ঘুরছিল। সেই ছবি তুলছিল মোস্তাফিজ। এটি দেখামাত্র ওই অস্ত্র দিয়েই তার মাথায় আঘাত করা হয়। এরপর সে মাটিতে লুটিয়ে পড়ে।
বার্তাবাজার/কেএ