বিএনপির এজেন্টকে এক ঘণ্টার আলটিমেটাম

সংঘাতের খবর পাওয়া যাচ্ছিল রাত থেকেই। থমথমে পরিস্থিতিতে ভোট শুরু হয় সকাল ৮টায়। ভোটার উপস্থিতি যথারীতি কম। কোথাও কোথাও কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ। কোথাও আক্রান্ত বিরোধী কাউন্সিলর প্রার্থী। বেশিরভাগ বুথেই বিএনপির এজেন্ট নেই। কোথাও হুমকির শিকার এজেন্ট। ইভিএমে ভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া।

ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার প্রথম দুই ঘণ্টায় মোটাদাগে এই হলো ভোটের চিত্র। রামপুরার খালেদ হায়দার মেমোরিয়াল স্কুল কেন্দ্রে তিনটি বুথের মধ্যে দুটিতে বিএনপি’র কোন এজেন্ট নেই। একটি বিএনপির মেয়র এবং কাউন্সিলর প্রার্থীর এজেন্ট রয়েছেন। তাদের দাবি, এক ঘণ্টার মধ্যে তাদের কেন্দ্র ছেড়ে যেতে বলা হয়েছে।

হুমকি দিয়েছেন সরকারি দলের লোকজন। ঢাকা উত্তরের ব্রাইট স্টার গ্রামার হাইস্কুল কেন্দ্রে বিএনপির কোনো এজেন্টের দেখা মেলেনি। সেখানে কয়েকজন ভোটার অভিযোগ করেছেন, তাদের ভোট দেয়া হচ্ছে না।

তেঁজাগাও মডেল হাইস্কুল কেন্দ্রে ভোটার সংখ্যা একেবারেই কম। এখানেও কোনো বুথেই ধানের শীষের এজেন্ট নেই। উত্তরের মিরপুর এলাকার ৫টি কেন্দ্র ঘুরে জিনিয়াস কেজি স্কুলে বিএনপির এজেন্টের দেখা মিলল ।

বিএনপির প্রার্থীরা অভিযোগ করেছেন, তাদের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। দক্ষিণের হাসান আলী সরকার প্রাথমিক বিদ্যালয়, ওয়াই ডব্লিউ সি স্কুল এবং হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে খুব অল্প সংখ্যক ভোটারের দেখা মিলল। এসব কেন্দ্রেও বিএনপির এজেন্টের দেখা মেলেনি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর