সিএএ’র সমর্থনে এগিয়ে আসতে এনডিএ শরিকদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সংসদে বিজেপির শরিক দলগুলোর সাংসদদের খোলস ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
‘যারা বলবে সিএএ বিভেদমূলক, তাদের বিরোধিতা করুন’ এনডিএ শরিকদের এমন পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাজেট অধিবেশনে ট্রেজারি বেঞ্চের ভূমিকা কী থাকবে? এই বিষয়ে আলোচনা করতে শরিক দলগুলোকে সংসদের সেন্ট্রাল হলে বৈঠকে ডাকেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেই তিনি এমন আবেদন করেছেন।
তিনি বলেন, ‘কিছু মানুষ নাগরিক আইন নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছেন। তাদের প্রতিহত করতে হবে। মুসলিমরাও আমদের দেশের নাগরিক। ওদের সমান অধিকার ও কর্তব্য আছে।’
এই বৈঠকে এনডিএ শরিকরা একটা প্রস্তাব পাস করান। সেই প্রস্তাবে প্রধানমন্ত্রীকে সমর্থন করে বলা, ‘নাগরিক আইন পাস করিয়ে মহাত্মা গান্ধির স্বপ্নপূরণ করেছেন নরেন্দ্র মোদি।’ পাশাপাশি জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ, বড় শান্তি চুক্তি, কর্তারপুর করিডর নির্মাণ প্রসঙ্গে সহমত জানিয়েছেন এনডিএ শরিক দলের সাংসদরা।
বার্তাবাজার/কে.জে.পি