সংঘর্ষের আশঙ্কা, ঝুঁকিপূর্ণ ৬৫ শতাংশ ভোটকেন্দ্র

ঢাকার দুই সিটিতে মোট ভোটকেন্দ্র ২৪৬৮টি। এর মধ্যে ১৫৯৭টি কেন্দ্রকে ঝুঁঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। সেই হিসাবে মোট ভোটকেন্দ্রের ৬৪ দশমিক ৭০ শতাংশই ঝুঁঁকিপূর্ণ। এসব কেন্দ্রে শান্তি-শৃঙ্খলা রক্ষায় অধিকতর মনোযোগ দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যেই এসব কেন্দ্র ঘিরে বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

পুলিশের একাধিক কর্মকর্তা বলেছেন, ঢাকার দুই সিটির অধিকাংশ ওয়ার্ডেই ক্ষমতাসীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা সক্রিয় রয়েছেন। ভোটকেন্দ্রের নিরাপত্তার ক্ষেত্রে এসব বিদ্রোহী প্রার্থীও কিছু কেন্দ্রের জন্য হুমকি হতে পারেন। আবার কিছু কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘাত-সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এমন অনেক বিষয় মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।

ঢাকা উত্তর সিটিতে ১১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৭৬টি ঝুঁকিপূর্ণ; দক্ষিণ সিটিতে ১৩১৮টির মধ্যে ৭২১টি। এ হিসাবে দেখা যাচ্ছে, উত্তর সিটিতে ঝুঁঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) কেন্দ্রের সংখ্যা বেশি।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ জোনের ডিসি মুনতাসিরুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আমাদের বাড়তি ব্যবস্থা আছে। আমাদের অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে এসব কেন্দ্রে বাড়তি দৃষ্টি রাখার। মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স স্ট্র্যাটেজিক পয়েন্টে রাখা হচ্ছে যেন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর প্রতি বিশেষ নজর রাখা যায়।

জানা গেছে, উত্তর সিটির ৪৯ নম্বর ওয়ার্ডের কাওলা সিভিল এভিয়েশন হাইস্কুল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হাইস্কুল কেন্দ্র খুবই ঝুঁঁকিপূর্র্ণ হিসেবে দেখছে পুলিশ। কারণ ৪৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের দুজন প্রার্থী। এদের মধ্যে বর্তমান কাউন্সিলর আনিসুর রহমান নাইম বিদ্রোহী এবং পনু মোল্লা দল সমর্থিত প্রার্থী।

ঢাকা দক্ষিণের ২৭ নম্বর ওয়ার্ডের ঢাকা আলিয়া মাদ্রাসা, বদরুন্নেসা মহিলা কলেজ, ২১ নম্বর ওয়ার্ডের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স অ্যানেক্স ভবন ভোটকেন্দ্র ছাড়াও গোপীবাগ, পুরান ঢাকার বংশাল, সূত্রাপুর, চকবাজার এলাকার কেন্দ্রগুলোকে খুবই ঝুঁঁকিপূর্ণ হিসেবে দেখছে পুলিশ।

গতকাল শুক্রবার খিলগাঁও মডেল কলেজে ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে ঢাকা দক্ষিণের রিটার্নিং অফিসার আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, দক্ষিণের ১১৫০টি কেন্দ্রের মধ্যে ৭২১টি কেন্দ্র ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, এগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। তিনি বলেন, ভোটের দিন যতই এগিয়ে এসেছে, গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যাও বেড়েছে। আমরা যেটাকে গুরুত্বপূর্ণ কেন্দ্র বলছি, গণমাধ্যম সেগুলোকে বলছে ঝুঁঁকিপূর্ণ। এসব কেন্দ্রে নিরাপত্তা-সদস্য বাড়বে এবং আমাদেরও সতর্ক দৃষ্টি থাকবে।

ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম গতকাল সাংবাদিকদের জানান, একটি সাধারণ ভোটকেন্দ্রে ১৬ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে; গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকবে ১৮ সদস্য। তিনি আরও বলেন, ভোটারদের জন্য ঢাকা শহরকে আমরা নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিয়েছি। আমার মনে হয়, আগামীকাল (আজ) আমাদের ভোটাররা উৎসাহমুখর পরিবেশে ভোট দেবেন, কোনো রকম অসুবিধা হবে না।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর