টেনেসির রিপাবলিকান সিনেটর লামার আলেকজান্ডার জানিয়েছেন, সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারে সাক্ষী অনুমোদন সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট দেবেন না তিনি। তার এই ঘোষণার পর সিনেটে সাক্ষী হিসেবে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে আনার ক্ষেত্রে ডেমোক্র্যাটদের প্রচেষ্টা ব্যর্থ হতে চলেছে এবং দ্রুতই প্রেসিডেন্ট ট্রাম্পের বিচার শেষ হচ্ছে। রিপাবলিকান সিনেটরদের বর্তমান অবস্থানে একটি বিষয় স্পষ্ট যে, সিনেটের বিচারে দোষী সাব্যস্ত হচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাকে ক্ষমতাও ছাড়তে হবে না। -খবর :সিএনএন ও বিবিসির।
বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে সিনেটর আলেকজান্ডার বলেন, নতুন তথ্য-প্রমাণ ও সাক্ষ্য অনুমোদনের কর্তৃত্ব নিয়ে অন্য সিনেটরদের সঙ্গে কথা বলেছি। কিন্তু এরই মধ্যে প্রমাণিত হয়েছে এমন অভিযোগের ক্ষেত্রে নতুন সাক্ষ্য-প্রমাণের দরকার নেই। এটি সত্য যে, ট্রাম্প ঠিক কাজ করেননি। তবে এটি সংবিধান অনুযায়ী অভিশংসনযোগ্য অপরাধ নয়।
যুক্তরাষ্ট্রের সময় গতকাল শুক্রবারই সিনেটে সাক্ষী অনুমোদনের ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল। ডেমোক্র্যাটরা চাইছে, জন বোল্টনকে সাক্ষী হিসেবে আনতে। এরই মধ্যে বোল্টনের একটি অপ্রকাশিত বইয়ের পাণ্ডুলিপি প্রকাশ পেয়েছে। যেখানে তিনি বলেছেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ইউক্রেন তদন্তে সাড়া দেওয়ার আগ পর্যন্ত মার্কিন সামরিক সহায়তা আটকে রাখতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বোল্টন সিনেটে বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ডেমোক্র্যাট সদস্যরা। কিন্তু সাক্ষী অনুমোদনে ৫১ সিনেটরের সমর্থন লাগবে। সেক্ষেত্রে ডেমোক্র্যাট ও স্বতন্ত্র ৪৭ সিনেটরের সঙ্গে অন্তত চার জন রিপাবলিকান সিনেটরকে ভোট দিতে হবে। যে চার জন রিপাবলিকান সদস্য পক্ষে ভোট দেবেন বলে ভাবা হচ্ছিল তাদের একজন হলেন লামার আলেকজান্ডার। কিন্তু তিনি মত বদলানোয় সাক্ষী আনার সুযোগ শেষ হয়ে গেছে বলেই মনে করা হচ্ছে।
সিনেটের মেজরিটি লিডার মিচ ম্যাককনেল বলেছেন, নতুন করে সাক্ষী আনা হলে বিচার অনির্দিষ্ট বিলম্বিত হবে। কিন্তু এর কোনো প্রভাব বিচারের রায়ে পড়বে না। এদিকে সিনেটে সাক্ষী আনার প্রস্তাব বাতিল হলে শুক্রবারই আর্টিকেলস অব ইমপিচমেন্টের ওপর ভোটাভুটি হতে পারে বলে সিএনএনের খবরে বলা হয়। আর তাতে প্রেসিডেন্ট ট্রাম্প অব্যাহতি পাবেন বলে জানানো হয়েছে। কারণ ট্রাম্পকে অভিযুক্ত করে অপসারিত করতে ৬৭ সিনেটরের সমর্থন প্রয়োজন। বর্তমানে সিনেটে ট্রাম্পের দল রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ। তাদের ৫৩ জন সিনেটর রয়েছে, ডেমোক্র্যাটদের আছে ৪৫ আর দুই জন সিনেটর হলেন স্বতন্ত্র।
বার্তা বাজার / ডব্লিও.এস