ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে দোয়া নিয়েছেন। শুক্রবার নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে এ কথা জানান আতিকুল ইসলাম।
পোস্টের ক্যাপশনে মেয়র প্রার্থী আতিকুল লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজ (শুক্রবার) দোয়া নিতে গিয়েছিলাম।’
ঢাকার উত্তর সিটিতে দ্বিতীয়বারের মতো মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হয়ে লড়ছেন ব্যবসায়ী আতিকুল ইসলাম। মেয়র আনিসুল হকের মৃত্যুর পর গত বছরের মার্চ মাসে উপ-নির্বাচনে নৌকার টিকিট নিয়ে মেয়র হন আতিকুল।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা চলবে ভোটগ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোটগ্রহণ হবে।
ঢাকার এই দুই সিটিতে ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন। দুই সিটিতে মোট ১৬টি ভেন্যু থেকে ২ হাজার ৪৬৮টি কেন্দ্রে একযোগে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ভোটগ্রহণের সরঞ্জামাদিও বিতরণ করেছে ইসি।
বার্তা বাজার / ডব্লিও.এস