বিশ্ব নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম এর বরাত দিয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানালেন চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।
পবিত্র জুমাবার (৩১ জানুয়ারী) নগরীর নতুন ব্রিজ ঘাট জামে মসজিদে জুমার নামাজে খুৎবার আগে মুসল্লীদের উদ্দেশ্যে তিনি মাদক বিরোধী বক্তব্য রাখেন।
বক্তব্যে ওসি মহসিন বলেন, ‘রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, মাদকের উপর অভিশাপ; মাদক পানকারীর উপর অভিশাপ, পরিবেশনকারীর উপর অভিশাপ; বিক্রয়কারীর উপর অভিশাপ, ক্রয়কারীর উপর অভিশাপ; যে মাদক নিংড়ায় তার উপর অভিশাপ, যার আদেশে নিংড়ানো হয় তার উপর অভিশাপ; বহনকারীর উপর অভিশাপ, যার কাছে বহন করে নেওয়া হয় তার উপর অভিশাপ; আর যে মাদক বিক্রয়লব্ধ অর্থ ভোগ করে তার উপর অভিশাপ।” অর্থাৎ মাদকের উৎপাদন থেকে শুরু করে ভোগ পর্যন্ত যেকোন সম্পৃক্ত সবার প্রতিই অভিশাপ দিয়েছেন আমাদের প্রিয়নবী মুহাম্মদ (সাঃ)। আসুন আমরা মাদক বর্জন করি। মাদককে না বলি।’
তিনি আরো বলেন, জনগণের সেবায় পুলিশ সবসময় নিবেদিত। শুধু মাদক নয়, যে কোন প্রকার অন্যায়, অপকর্ম ও দুর্নীতির বিরুদ্ধে নিঃস্বঙ্কোচে পুলিশের সহায়তা নিন। পুলিশ আপনাদের সহায়তায় সবসময় প্রস্তুত রয়েছে।
বার্তা বাজার / ডব্লিও.এস