রংপুর জেলার বদরগঞ্জ থানার অন্তর্ভুক্ত শ্যামপুর স্টেশনে বিদ্যানন্দ ফাউন্ডেশনের একটাকায় আহার বিতরণ করলেন কয়েকজন স্বেচ্ছাসেবী। স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলে জানা যায় আজ শুক্রবার সকাল থেকেই হতদরিদ্র ও পথশিশুদের মাঝে নামমাত্র মূল্য ১ টাকায় খাবার বিতরণ কার্যক্রম চলছে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে ২০১৩ এর ডিসেম্বর থেকে। ঘরোয়া পরিবেশে রান্না খাবার বিলিয়ে দেওয়া হতো গরিব অসহায়দের মাঝে। কিশোর কুমার দাশের উদ্যোগে কল্যাণমূলক এই কাজে যারা এগিয়ে এসেছেন তাদের প্রত্যেকেই কোনো রকম ব্যবসায়িক মনোভাবকে উহ্য রেখেই এসেছেন।
নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ ও সময় দিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে চলেছেন। এভাবে প্রায় তিন বছর চলার পর ২০১৬ সালের নভেম্বর থেকে কিছু দাতা ফাউন্ডেশনটিতে অর্থ দান শুরু করেছে। প্রাপ্ত এ অর্থ সত্যিকার অর্থে কোন কাজে লাগছে তা পর্যবেক্ষণের জন্য অডিট কমিটি রয়েছে।
এ ছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ দানের আগে দাতাদের ফাউন্ডেশনের কাজকে স্বচক্ষে পরিদর্শন করার আবেদন থাকে। খাবারের মূল্য কেন একটাকা নেওয়া হয় এ প্রশ্নকরা হলে একজন স্বেচ্ছাসেবক জানান
আগে সম্পূর্ণ বিনামূল্যে খাবার বিতরণ হলেও বর্তমানে ‘এক টাকায় আহার’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাবার বিতরণ করা হচ্ছে।অন্তত এক টাকা হলেও যেন তারা ভাবতে পারে আমরা খাবার কিনে খাচ্ছি। এতে চেয়ে খাওয়ার মতো হীনম্মন্যতা তৈরি হবে না।
বার্তাবাজার/এমকে