র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক কারবারী নিহত

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে আব্দুল নাসির (২৮) নামের এক রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান ইয়াবা, অস্ত্র, গুলি ও টাকা। এসময় আহত হয়েছে র‌্যাবের ৩ সদস্য।

শুক্রবার (৩১ জানুয়ারী) রাতের টেকনাফ উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের মনতলিয়া পুরান পাড়া মেরিন ড্রাইভ সড়কে এঘটনা ঘটে। নিহত মাদক কারবারী উখিয়া উপজেলার বালুখালী ৮নং ক্যাম্পের (ইস্ট) বি-২৬নং ব্লকের বাসিন্দা মোঃ জাকেরের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, শুক্রবার রাতে র‌্যাব-১৫ একটি দল ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উপকূলীয় বাহারছড়ার মনতলিয়া পুরান পাড়া মেরিন ড্রাইভ রোডে চেকপোস্ট বসায়। কিছুক্ষণ পর একটি স্বশস্ত্র মাদকের চালান বহনকারী গ্রুপের সাথে র‌্যাব-১৫ টহল দলের সদস্যদের সাথে গুলিবিনিময়ের ঘটনা ঘটলে র‌্যাবের ৩জন সদস্য আহত হয়।

র‌্যাব সদস্যরা পাল্টা গুলিবর্ষণ করার পর সন্ত্রাসীরা পিছু হটে। পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশী করে ৬৬ হাজার ৯১৫ পিস ইয়াবা, ২টি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড তাঁজা কার্তুজ, ২টি খালি খোসা ও নগদ ৩ হাজার টাকাসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে।

গুলিবিদ্ধ মাদক কারবারীকে দ্রুত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব সুত্র নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর