কাদেরকে দেখতে বিএসএমএমইউতে প্রধানমন্ত্রী

শ্বাসকষ্টের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নাম প্রকাশে অনিচ্ছুক কার্ডিওলজি বিভাগের এক অধ্যাপক জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদের বিএসএমইউতে ভর্তি করা হয়।

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভার মূলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সে অনুযায়ী ওবায়দুল কাদের সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে পৌঁছান। কার্যালয়ে প্রবেশের কিছু পরেই তিনি অসুস্থ বোধ করেন। তখনই চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউতে নেয়া হয়।

বেলা ১১টার দিকে বিএসএমএমইউয়ের সামনে অবস্থানরত সাংবাদিকদের কাছে কাদেরের স্বাস্থ্য পরিস্থিতি জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, ‘তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার (কাদের) শ্বাসকষ্ট হয়েছিল। আমরা আমাদের সম্মানিত নেতার জন্য আপনাদের কাছে দোয়া চাই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর