জন্মদিনের ভুয়া পার্টি করে ২০ শিশুকে বন্দি, ১০ ঘণ্টা পর উদ্ধার

উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলায় জন্মদিনের একটি ভুয়া পার্টির আয়োজন করে ২০ শিশুকে বন্দি করে রেখেছিল এক ব্যক্তি। দীর্ঘ ১০ ঘণ্টার চেষ্টার পর ওই শিশুদের উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি পরে পুলিশের গুলিতে নিহত হয়েছে। নিজের এক বছর বয়সী মেয়ের জন্মদিনের আয়োজন করেছিল সে।

স্থানীয় গণমাধ্যমের খবরে ওই ব্যক্তির নাম সুভাষ বাথাম বলে জানানো হয়েছে। অভিযোগ করা হয়েছে যে, তার নামে খুনের অভিযোগ ছিল। পুলিশ জানিয়েছে, সুভাষ তার এক বছরের মেয়ের জন্মদিন উপলক্ষে কয়েকজন প্রতিবেশী নারী ও শিশুদের আমন্ত্রণ জানিয়েছিল।

সবাই ওই জন্মদিনের পার্টিতে আসার পর নিজের স্ত্রী এবং মেয়েসহ সবাইকে বেসমেন্টে বন্দি করে রাখে সে। সন্তানরা না ফেরায় সুভাষের বাড়িতে যান প্রতিবেশীরা। তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে সুভাষ। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশের একটি ভ্যান ঘটনাস্থলে পৌঁছালে বাড়ির ছাদ থেকে গুলি ছোড়ে সুভাষ। বোমাও নিক্ষেপ করে সে। কর্মকর্তারা দীর্ঘ সময় ধরে তার সঙ্গে আলোচনার চেষ্টা চালান। পরে বাড়ির ভেতরে ঢুকে পুলিশ গুলি ছোড়ে। এতে সুভাষ নিহত হয়। বন্দিদের সবাইকে নিরাপদেই উদ্ধার করা হয়েছে।

কী কারণে ওই ব্যক্তি এমন ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে পুলিশের ধারণা, মানসিক অবসাদ থেকেই সে এমন কাণ্ড ঘটিয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর