নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে ঢাকার উত্তরের নাগরিক এবং ভোটারদের কাছে ভোট চাইলেন মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে নিজ ফেসবুক পেইজ থেকে লাইভে আসেন তিনি। আতিকুল ইসলাম বলেছেন, আমরা চাই জবাবদিহিতামূলক সিটি করপোরেশন গড়তে। এখানে প্রত্যেক নাগরিককে মেয়রের ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, আমরা সবার ঢাকা অ্যাপস চালু করব। কোনো এলাকায় লাইট না জ্বললে বা বর্জ্য পড়ে থাকতে দেখলে ছবি তুলে এই অ্যাপসে পাঠিয়ে দিলে সঙ্গে সঙ্গে মেয়র অফিসের ড্যাশ বোর্ডে চলে আসবে, আর ঘণ্টা বেজে উঠবে। তখন সংশ্লিষ্ট কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে। এ জন্য সবাইকে এগিয় আসতে হবে।
ফেসবুক লাইভে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোকিত ঢাকা গড়তে আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে ৪২ হাজার এলইডি লাইট লাগানোর কাজ শুরু হবে। এছাড়া আমরা ডিএনসিসিতে একটি কমান্ড সেন্টারের কাজ করছি। এক বছরের মধ্যে সেই সেন্টারের কাজ শেষ হবে। অর্থাৎ কমান্ড সেন্টারের মাধ্যমে জানা যাবে কোথায় লাইট বন্ধ, কোথায় পানির সমস্যা, কোথায় রাস্তার সমস্যা।
অন্য আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবার জন্য সবার ঢাকা গড়তে বিশেষ সুবিধাবঞ্চিত ও বয়স্ক বা যারা হুইলচেয়ারে চলাচল করেন তাদের জন্য সিটি করপোরেশনের ৪২টি মার্কেটেই হুইল চেয়ারবান্ধব করার ব্যবস্থা থাকবে।
এ সময় তার সঙ্গে ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার, চিত্রনায়ক ফেরদৌস।
বার্তাবাজার/কেএ