জাককানইবি- তে বর্ণাঢ্য আয়োজনে সরস্বতীপূজা উদযাপিত

হিন্দু ধর্মাবলম্বীদের মতে, সরস্বতী বিদ্যা, বাণী ও সুরের দেবী। মাঘের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা হাঁসে চেপে দেবি সরস্বতী জগতে আসেন। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বিদ্যা দেবী সরস্বতী পূজা উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) তৈরী করা হয়েছে ৬ টি পূজা মণ্ডপ। প্রতি বছরের মতো এবারও (৩০ জানুয়ারি, বৃহস্পতিবার) বাণী অর্চনা, দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ, অঞ্জলি প্রদান, আরতি, প্রসাদ বিতরণ, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতাসহ দিনভর নানা আয়োজনে সাজানো হয়েছে এবারের পূজা উৎসব।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আর্থিক সহযোগিতায় এসব মণ্ডপে তৈরি করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে কেন্দ্রীয় মন্দির সহ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় মণ্ডপগুলো তৈরী করা হয়েছে। আর চারুকলা অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে কলা ভবনের সামনের পুকুরের মাঝে তৈরি করা হয়েছে দেবী সরস্বতীর প্রতিমা।

সকাল সাড়ে ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান কেন্দ্রীয় পূজা মণ্ডপ পরিদর্শন করেন। সেখানে তিনি উপস্থিত ভক্ত-অনুরাগী, শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।আগত দর্শনার্থী ও শিক্ষার্থীদের সরস্বতী পূজা ও মুজিব বর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যার দেবী সরস্বতীর প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের ছেলেমেয়েরা যে সুন্দর আয়োজন করেছে সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, সব ধর্ম মানবতার কথা বলে, সুন্দরের কথা বলে, অখন্ড মানবতাবাদী জীবন দর্শনের কথা বলে, সব মানুষ এক। তাই বিদ্যা দেবীর কাছে আমার প্রার্থনা আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উপর তিনি তার আশীর্বাদ বর্ষণ করবেন। মাননীয় ভাইস-চ্যান্সেলর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পূজার সার্বিক সাফল্য কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. বিজয় ভূষণ দাস, সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক আশিক সরকার, তন্বী সাহা, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক তপন কুমার সরকার, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জীসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীগণ।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর