সিটি নির্বাচনের প্রচারণায় কোনো সংঘাত সহিংসতার ঘটনা ঘটেনি মন্তব্য করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, উৎসব আনন্দেই সবাই নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছেন। নির্বাচনের দিনেও উৎসব আনন্দে জনগণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দেবেন। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বিভিন্ন প্রচার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এরশাদ তার ভোট ডাকাতির নির্বাচনে এবং বিএনপি-জামাত তাদের ভোটারহীন ভোটের নির্বাচনে সন্ত্রাসের চরম বিস্তার ঘটিয়েছিল। আর ২০১৪ সালের নির্বাচনে বিএনপি নির্বাচন প্রতিরোধের নামে অগ্নিসন্ত্রাসের আশ্রয় নিয়েছিল। মানুষ তাদের এই সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেছে। এবারের নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নির্বাচনে জনগণের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করেছে।’
আশা প্রকাশ করে মেনন বলেন, ‘নির্বাচনের দিনেও জনগণ উৎসব আনন্দে ভোট প্রদান করবে।’ এ সময় তিনি ১৪ দলের সকল নেতাকর্মীদের জনগণকে ভোট প্রদানে সহায়তা করতে আহ্বান জানান।
এমপি হওয়ার কারণে নির্বাচনের প্রচারে অংশগ্রহণ করতে না পারার ক্ষোভ থাকলেও জনগণের স্বতঃস্ফূর্ততা তার এই দুঃখকে ভুলিয়ে দিয়েছে বলে জানিয়েছেন।
তিনি আরও বলেন, ‘নির্বাচিত মেয়ররা ঢাকাকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব শহরে পরিণত করবে।’
এদিকে, নির্বাচনী এলাকায় স্কুল সমূহে অনুষ্ঠিত সরস্বতী পূজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাশেদ খান মেনন।
বার্তা বাজার / ওয়ালিদ