ঢাকার সাভার উপজেলার সাভার ইউনিয়নে ২০১৯-২০ ইং অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) ১ম পর্যায়ের প্রকল্পে সরকারী বরাদ্দের ১৫ লক্ষ ৭৬ হাজার টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার থেকে তথ্য অধিকার আইনে প্রাপ্ত তথ্যের সরেজমিন অনুসন্ধানে গিয়ে বিষয়টি জানা যায়।
এই অর্থবছরে ২টি প্রকল্পে মাটির দ্বারা রাস্তার উন্নয়ন কাজে মোট ১৯৭ জন শ্রমিক ৪০ দিন কাজ করে কাজ শেষ করে।

১ম প্রকল্পটি বেশ বিস্তৃত। এটা হলো- উত্তর কলমা দারোগার জমি হতে কালামের বাউন্ডারি পর্যন্ত, উত্তর কলমা নুরুর বাড়ী হতে ছালাম তালুকদারের বাউন্ডারি পর্যন্ত, উত্তর কলমা মনিরের বাড়ি হতে ফিরোজের বাড়ী পর্যন্ত, উত্তর কলমা মোহাম্মদীয়া মসজিদ হতে কবরস্থানের রাস্তা পর্যন্ত এবং উত্তর কলমা মসজিদ হতে নাছের খাঁ বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন। এই প্রকল্পে সরকারী বরাদ্দ আসে ৯ লক্ষ ৬০ হাজার টাকা। ১২০ জন হতদরিদ্র শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে প্রকল্পের কাজ শেষ করে।

এছাড়া, দক্ষিণ কলমা ছালামের বাড়ীর কালভার্ট হতে ওসমানের বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজে সরকারী বরাদ্দ আসে ৬ লক্ষ ১৬ হাজার টাকা। ৭৭ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে কাজটি শেষ করে।
সাভার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহেল রানা জানান, ২০১৯-২০ ইং অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীতে মোট ২টি প্রকল্পে রাস্তা মাটি দ্বারা উন্নয়নের কাজ আমরা শেষ করেছি। এতে ওই দুই এলাকার মানুষের চলাচলের পথ সুগম হবার পাশাপাশি হতদরিদ্র কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে।
প্রকল্পের কাজগুলি সরকারী বিধি মেনে শেষ করা হয়েছে বলেও জানান তিনি।
এব্যাপারে সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক জানান, সাভার ইউনিয়নে ইজিপিপি প্রকল্পের ২টি উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। সরকারী বিধি অনুযায়ী কাজ শেষ করা হয়েছে। প্রকল্পের কাজ চলাকালীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের প্রকৌশলী প্রকল্পস্থান পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।
বার্তা বাজার/এম.সি