ঢাকা দক্ষিণ সিটির সবুজবাগ ও খিলগাঁও থানার অন্তর্গত ৭৩ ও ৭৪ নম্বর ওয়ার্ডে কোনও সরকারি হাইস্কুল নেই, নেই খেলার মাঠ, মানসম্মত কমিউনিটি সেন্টার এবং হাসপাতাল। এমনকি রাস্তার উন্নয়নমূলক কাজ চলছে বছরখানেকের বেশি সময় ধরে। নির্মাণাধীন রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মাস দশেক আগে ইউনিয়ন থেকে সিটি করর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছেন সবুজবাগ থানার অন্তর্গত ৭৩ নম্বর ওয়ার্ডের জনগণ। নির্বাচন সামনে রেখে ভোটারদের মন জোগাতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থী দেখেই তারা ভোট দেবেন। মেয়রদের মতো ইশতেহারে বিশ্বাস করেন না কাউন্সিলর প্রার্থীরা। কাউন্সিলর প্রার্থীরা বলছেন, প্রতিশ্রুতি নয়, কাজে বিশ্বাসী তারা।
আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিরল প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘পানি, বিদ্যুৎ এবং পয়ঃনিষ্কাশন সমস্যা সম্পর্কে আমি অবগত আছি, নির্বাচনে জয় পেলে আমি এই ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পারব বলে বিশ্বাস করি।’
৭৩,৭৪ ও ৭৫ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফাতেমা আক্তার সিমু বলেন, ‘বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতাসহ নানান সরকারি কার্যক্রম নিজে উপস্থিত থেকে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি।’ পুনরায় নির্বাচিত হলে, উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান এ নারী কাউন্সিলর প্রার্থী।
একই অবস্থা খিলগাঁও থানার ৭৪ নম্বর ওয়ার্ডে। ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নত খেলার মাঠ নির্মাণের দাবি নাগরিকদের।
বার্তাবাজার/কে.জে.পি