হাইকোর্টে শুনানির জন্য পেপারবুক প্রস্তুত

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় ১৬ আসামির মৃত্যুদণ্ডের সাজাসংবলিত মামলা হাইকোর্টে শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বলেছেন, এখন পরবর্তী কাজ চলছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে এই পেপারবুক ছাপানো হয়। নিয়ম অনুযায়ী এখন ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির জন্য একটি হাইকোর্ট বেঞ্চ নির্ধারণ করে দেবেন প্রধান বিচারপতি।
ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ গত বছরের ২৪ অক্টোবর এক রায়ে নুসরাত হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৩৭৪ ধারা অনুযায়ী ফাঁসির রায় অনুমোদনের জন্য ফেনীর আদালত থেকে ডেথ রেফারেন্স হিসেবে রায়টি হাইকোর্টে পাঠানো হয়।

এরপর অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক তৈরির কাজে হাত দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রয়োজনীয় কাজ শেষে পেপারবুক ছাপানোর জন্য সরকারি ছাপাখানায় (বিজি প্রেস) তা পাঠানো হয়। নিম্ন আদালত থেকে হাইকোর্টে রায়ের কপি পৌঁছার তিন মাসের মধ্যেই পেপারবুক প্রস্তুত হওয়ায় একটি নজির স্থাপিত হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বার্তাবাজার/কাউছার আহম্মেদ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর