সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ: চসিক মেয়র

সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও সামাজিক ভারসাম্যের অনন্য মাধ্যম বলে আখ্যায়িত করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেযর আ জ ম নাছির উদ্দিন।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক সম্মেলন ও কৃতি সাংবাদিক সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র নাছির বলেন, সাংবাদিকরা হলেন দেশের চতুর্থ স্তম্ভ। সমাজের সাধারণ মানুষের সুখ দুঃখ ও চাহিদা পূরণের আওয়াজ। একজন সাংবাদিকের সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে ফুটে উঠে একটি সমাজের বাস্তব চিত্র ও অবস্থা।

তিনি আরো বলেন, ‘নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমে সকলকে সচেতন হতে হবে। দুই বছর মাইকিং করেছি, ২০ লাখ লিফলেট বিলি করেছি কিন্তু আশানুরূপ সাড়া পাইনি। এ দেশকে গড়তে, সুন্দর, নিরাপদ বাসযোগ্য করতে সব সংকীর্ণতা পরিহার করে নিজ নিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে আসতে হবে।’

এছাড়া নগরীর সড়কের বেহাল অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সড়কগুলো ভারী যানবাহন চলাচলের উপযোগী নয়। ১০ টনের উপযোগী সড়কে ৫০ টনের গাড়ি চললে সড়কগুলো না টেকারই কথা। এ ধরনের বিষয়গুলোর গভীরে গিয়ে বাস্তবতার নিরিখে সাংবাদিকদের এসব সত্য তুলে ধরতে হবে। নাগরিকদের মধ্যে দেশপ্রেম, মাটি ও মানুষকে ভালোবাসার বোধ তৈরি করতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব ও সংবাদ মাধ্যমের গুণকীর্তন করে বলেন, ‘বাঙালিকে যিনি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন সেই বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী। বঙ্গবন্ধুর সংগ্রামে পাশে ছিলো এদেশের সংবাদপত্র। সাংবাদিকদের বড় ভূমিকা ছিলো। একাত্তরে সংবাদ ভবন জ্বালিয়ে দেওয়া হয়।

একজন সাংবাদিক সেই আগুনে পুড়ে শহীদ হন। ২৫ মার্চ রাতে একজন সাংবাদিক মারা যান। নিপীড়ন তুচ্ছ করে সাংবাদিকরা বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়েছিলেন। বাংলার মুক্তির সংগ্রামে সাংবাদপত্র ও সাংবাদিকদের বিরাট ভূমিকা রয়েছে। মুজিব বর্ষে সেই সাংবাদিকদের গভীর শ্রদ্ধা জানাই।’

সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসীন কাজী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ সহ জাতীয় ও আঞ্চলিক পত্রিকার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে কৃতি সাংবাদিক হিসেবে মুক্তিযোদ্ধা সাংবাদিক নওশের আলী খান, প্রবীণ সাংবাদিক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজীকে সম্মাননা দেয়া হয়। সংবর্ধিত সাংবাদিকদের পরিচিতি পাঠ করেন যুগ্ম সম্পাদক সবুর শুভ। সভা পরিচালনা করেন সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর