ঢাকার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নে ২০১৯-২০ ইং অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) ১ম পর্যায়ে দুইটি প্রকল্পে সরকারী বরাদ্দের ১৯ লক্ষ ৪৪ হাজার টাকার রাস্তায় মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। সরেজমিন সম্পন্ন হওয়া প্রকল্প দুইটিতে গিয়ে বিষয়টি জানা যায়।
এর আগে, তথ্য অধিকার আইনে সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট এই বিষয়ে তথ্য চাওয়া হয়। প্রাপ্ত তথ্যের যাচাই-বাছাই কালে ব্যাপারটি সামনে আসে।

ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নগরকোন্ডা বাজারপাড়া কাইয়ুমের বাড়ীর সামনে হতে গরুর ঘাট পর্যন্ত রাস্তায় মাটি ভরাট কাজে মোট ১৪ লক্ষ ৪০ হাজার টাকা সরকারি বরাদ্দ আসে। প্রকল্পের কাজটি ১৮০ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে শেষ করে।

এছাড়া, নগরকোন্ডা মধ্যপাড়া মহিলা মাদ্রাসা হতে তারানগর পাকা রাস্তা পর্যন্ত রাস্তায় মাটি ভরাট এর কাজে সরকারি বরাদ্দ আসে ৫ লক্ষ ৪ হাজার টাকা। মোট ৬৩ জন হতদরিদ্র শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে ৪০ দিনে কাজটি শেষ করে।
প্রসঙ্গত, নগরকোন্ডা বাজারপাড়া কাইয়ুমের বাড়ীর সামনে হতে গরুর ঘাট পর্যন্ত রাস্তাটি নির্মিত হওয়ায় এই অঞ্চলে গ্রামবাসীদের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্রা এনেছে। এই রাস্তাটি দু’পাশে বিস্তীর্ণ চাষাবাদের জমির ভিতর দিয়ে ওই পাশের গ্রামগুলিকে যুক্ত করেছে। এতে করে এসব গ্রামের জমিতে আবাদকৃত কৃষিপণ্য সরবরাহ আগের চেয়ে অনেক সহজ হয়েছে বলে জানালেন স্থানীয় কৃষকরা। পাশাপাশি অবহেলিত কয়েকটি গ্রামের বাসিন্দাদের ইউনিয়ন কেন্দ্রিক যাতায়াত ব্যবস্থার সহজ হয়েছে।
প্রকল্পগুলির ব্যাপারে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সরকারি বিধি মেনে প্রকল্প দুইটির কাজ সম্পন্ন হয়েছে। আর প্রকল্পের কাজ চলাকালীন সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রকৌশলী কাজ পরিদর্শন করে গেছেন।
সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক জানান, বনগাঁও ইউনিয়নে ২০১৯-২০ অর্থবছরের ইজিপিপি কর্মসূচির দুইটি প্রকল্পের কাজ বিধি মেনেই সম্পন্ন হয়েছে।
বার্তাবাজার/এমকে