‘পরিকল্পনা থাকলে রাজনৈতিক দল ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়’

উন্নয়ন কর্মকাণ্ড চলমান থাকলে বাংলাদেশ ২০২৪ সাল নাগাদ উন্নয়নশীল দেশের মর্যাদা পাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এজন্য বন্ধুপ্রতীম দেশগুলোকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ডেভলপমেন্ট ফোরাম-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, পরিকল্পনা থাকলে রাজনৈতিক দল ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়- বাংলাদেশ যার প্রমাণ। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার। এসময় টেকসই উন্নয়নে গুরুত্ব দেন তিনি।

বর্তমান বাংলাদেশকে প্রতিশ্রুতিশীল উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন শুধু শহরকেন্দ্রিক না করে গ্রামেও মানুষকে সবধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করছে সরকার।

দুর্যোগে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে প্রশাসনকে কাজ করার নির্দেশ দেন তিনি। যেসব দেশ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের সহযোগিতা করতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর