ইবি আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। ইংরেজি বিভাগকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এর আগে হল সমূহের খেলায় শেখ রাসেল হল চ্যাম্পিয়ন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল রানার্স আপ হয়।

এছাড়া মেয়েদের হল সমূহের খেলায় দেশরত্ন শেখ হাসিনা হল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী চ্যাম্পিয়ন ও রানার্স আপ বিভাগের খেলোয়ারদের হাতে পুরষ্কার তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির সভাপতি উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে ক্রীড়া বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমানের পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় আলোকিত থাকবে। জাতীয় অনুষ্ঠানের সম্পর্ক রেখে বছরব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলাধুলায় ইসলামী বিশ্ববিদ্যালয় অপ্রতিদ্বন্দ্বী। এই ঐতিহ্য ধরে রাখার জন্যই আমাদের অভ্যন্তরীণ টুর্নামেন্টগুলোর আয়োজন করা হয়। তিনি আরো বলেন, তোমাদের হাতে বই-খাতা-কলম দেখতে চাই, তোমাদের হাতে ক্রিকেট, র‍্যাকেট, ফুটবল দেখতে চাই। কিন্তু কারো হাতে লাঠি দেখতে চাইনা, কারো হাতে কোন অস্ত্র দেখতে চাই না।
এসময় সেখানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার আন্তঃবিভাগ ফুটবলের ফাইনাল খেলায় মারামারির ঘটনায় খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে মঙ্গলবার খেলার বাকি অংশ অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর