ভদ্র লোকের খেলা ক্রিকেটে থেকে কালের পরিক্রমায় অভদ্রতা দেখিয়ে খলনায়ক বনে যাওয়া মোহাম্মদ আশরাফুল এখনো স্বপ্ন দেখেন জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার। এই জন্য ১২ কেজি ওজন কমিয়ে সঙ্গে ক্রিকেটের অনুশীলন করে নিজেকে তৈরি করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।
মিরপুরের হোম অফ ক্রিকেটের জিমনেশিয়ামে দেখা হলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আশরাফুল বলেন, ‘বিপিএলে সুযোগ না পাওয়ায় এই সময়টা নিজের ফিটনেস নিয়ে কাজ করছি। ৫০ দিনে প্রায় সাড়ে ১১ কেজি থেকে ১২ কেজি ওজন কমিয়ে এনে নিজেকে ফিট রাখতে কাজ করে যাচ্ছি। নিয়মিত অনুশীলন করে নিজেকে রানের ধারায় ফিরিয়ে আনতে চেষ্টা করতেছি। সামনের বিসিএলে ভালো পারফর্ম করে জাতীয় দলের হয়ে সাদা পোশাক গায়ে আবারও মাঠে নামতে চাই।’
২০১৩ বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকায় ২০১৪ সালে তিন বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ মোট ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল আশরাফুলকে। তার আপিলের পর সেই শাস্তি কমে হয় ২ বছরের স্থগিতসহ ৫ বছরের নিষেধাজ্ঞা। তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালের আগস্টে ঘরোয়া ক্রিকেটে ফেরার সুযোগ পান এই ব্যাটসম্যান। ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে আর জায়গা মেলেনি তার। এছাড়া সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলেও দল পাননি তিনি।
বার্তাবাজার/কে.জে.পি