ময়মনসিংহের তারাকান্দায় জমি সংক্রান্ত বিরোধে বড় ভাই আবুল হাসিমকে (৬৫) কুপিয়ে হত্যা করেছেন ছোট ভাই। এ ঘটনায় নিহতের ছোট ২ ভাই আবুল কাশেম ও কাজিম উদ্দিন তোতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ময়মনসিংহ মেডিকেল কলেজ মমেক হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সোমবার রাত ৯ টার দিকে উপজেলার মাইলুড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল হাসিম উপজলার গালাঘাঁও ইউনিয়নের মাইলুড়া গ্রামের মৃত সুলমামুত মন্সীর ছেলে।
নিহতের বড় ছেলে ইসলাম উদ্দিন অভিযোগ করেন, চাচা আবুল কাশেম ও কাজিম উদ্দিন তোতার সঙ্গে দীর্ঘদিন যাবৎ ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত দেড় বছর ধরে আদালতে মামলা চলছে।
এরইজের ধরে গত রাতে বাবাকে একা পেয়ে মাইলুড়া বাজার এলাকায় পথরোধ করে আমার ২ চাচা আবুল কাশেম, কাজিম উদ্দিন তোতা, চাচাতো ভাই সোহেল, রুবেল ও একই এলাকার ডাকাত আবুল কালামসহ আরও অজ্ঞাত ৩ জন। এ সময় সবাই মিলে বাবার ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে এবং বেধরক পিটিয়ে গুরুতর আহত করে রাস্তার পাশে ফেলে যায়।
পরে খবর পেয়ে আমার বাবাকে উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা যাওয়ার পথে বাবার মৃত্যু হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, জমি সংক্রান্ত বিরোধে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বার্তাবাজার/এমকে